এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নিশ্চিত ছিল ইউরোপ ভ্রমণে যাচ্ছেন, মাদ্রিদে রিয়াল ও সোসিয়েদাদের ম্যাচ উপভোগ করবেন। রঞ্জি ট্রফিতে টানা দুই ম্যাচে হায়দরাবাদের নেতৃত্বভার সামলে বিশ্রামের পরিকল্পনায় এমন ছিল মোহাম্মদ সিরাজের। সব পরিকল্পনা ভেস্তে গেল বিশ্বকাপের আগমুহূর্তে, এলো ভারত জার্সিতে ফেরার ডাক। ফিরে আবার জয়সূচক উইকেটও নিয়েছেন ডানহাতি তারকা পেসার।
টি-টুয়েন্টি বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৯ রানে জিতেছে ভারত। ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন সিরজ। এবারের আসরে তার নামার গল্পটা বেশ নাটকীয়। বিশ্বকাপের উদ্বোধনী দিনের আগের রাতে মুম্বাইয়ে দলের সঙ্গে যোগ দেন সিরাজ। দলে এসে প্রতিপক্ষ নিয়ে ধারণা নেন, পরে ঘুম এবং উঠে মাঠে নামেন।
বিশ্বকাপের ঠিক একদিন আগে পেসার হর্ষিত রানা চোটে পড়েন। বিকল্প হিসেবে সিরাজকে ডাকা হয়। অন্যদিকে জাসপ্রীত বুমরাহ অসুস্থ ছিলেন, ম্যাচের আগেরদিন অনুশীলনও করতে পারেননি। ফলে পেসার আর্শদীপ সিংয়ের পাশাপাশি একমাত্র বিকল্প ছিলেন সিরাজ।
ম্যাচে পর দলে আসা নিয়ে সিরাজ বলেছেন, ‘সূর্য ভাই (ভারত অধিনায়ক সূর্যকুমার) ফোনে বললেন ব্যাগ গুছিয়ে এসে পড়ো। প্রথমে বললাম আমার সাথে মজা করো না। তখন বললেন মজা করছেন না।’
‘২৪ ঘণ্টায় আল্লাহ্ আমার ভাগ্য বদলে দিয়েছেন। আগে যখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলাম, সেসময় অ্যাড্রিয়ান (ভারতের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ) মেসেজ করে জানতে চাইলেন কী করছি। বলেছিলাম, এখন মেসেজ করো না, দুটো চারদিনের ম্যাচ খেলে বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম দরকার।’
‘আমার পরিকল্পনা ছিল ১৫ তারিখ রিয়াল মাদ্রিদের যে ম্যাচ ছিল, সেটা দেখতে যাব। এরপরে রমজান শুরু, তাই সেই পরিকল্পনা করেছিলাম। কিন্তু আল্লাহ্ যা লিখে রেখেছেন তাই হল।’








