এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দুদিন পর বসছে ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা ইস্যুতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, বদলি দলও নিয়েছে আইসিসি। প্রতিবাদে বাংলাদেশ পাশে পেয়েছে পাকিস্তানকে। ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কট করেছে তারা। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, বাংলাদেশের পাশে দাঁড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। সেজন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
পাকিস্তান প্রথমে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করার হুমকি দিয়েছিল। পরে প্রধানমন্ত্রী শাহবাজের সাথে আলোচনায় বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সিদ্ধান্ত নেন ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের। পাকিস্তান সরকার মনে করছে এটি কোন রাজনৈতিক অবস্থান না, বাংলাদেশের পাশে দাঁড়ানোর একটি উপায়। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলা তাদের স্পষ্ট অবস্থান।
বাংলাদেশকে সমর্থন জানিয়ে শাহবাজ শরীফের করা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন আসিফ নজরুল। যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’
সঙ্গে আসিফ নজরুল লিখেছেন- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
‘বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোন রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’








