কড়াইল বস্তিবাসীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখানে আমরা বড় বড় উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই। এখানে যেই মানুষোগুলো থাকেন, তদের নামে ছোট ছোট ফ্ল্যাট করে দিতে চাই। আপনাদের নামে ফ্ল্যাট রেজিষ্ট্রি করে আপনাদের কাছে হস্তান্তর করতে চাই।
মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মাঠে কড়াইলবাসী আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ড. জোবাইদা রহমান।
তারেক রহমান বলেন, আমদের রাজনীতি আপনাদের মত সাধারণ মানুষের জন্য। কিভাবে আপনাদের জীবনযাত্রা ভালো হতে পারে সেটি আমাদের কাজ ,আমাদের লক্ষ্য ও আমাদের উদ্দেশ্য।
তিনি বলেন, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন তাহলে আমাদের মা-বোনেরা যাতে সচ্ছলভাবে চলতে পারে, সেই মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দিতে চাই। যারা গ্রামে থাকেন, যারা কৃষিকাজ করেন, সেই কৃষকদের জন্য কৃষক কার্ড দিতে চাই।

তারেক রহমান বলেন, আমরা চাই, যারা দালানে থাকে, তাদের সন্তানরা যেভাবে শিক্ষা পায়, তারা যেভাবে বিদেশি ভাষা শিখতে পারে, তেমনি কড়াইলে যারা থাকে তাদের সন্তানরাও যেন একইভাবে সকল শিক্ষা পেতে পারে, তাদের সন্তানরাও যাতে একইভাবে চিকিৎসা পেতে পারে, আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই।
তারেক রহমান বলেন, এখানে যেই বাচ্চারা থাকে, তাদের জন্য আমরা স্কুল করতে চাই। স্কুলের পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করব। তাদের জন্য খেলাধুলার মাঠ করে দিতে চাই। আপনারা যাতে চিকিৎসা পান, আপনাদের জন্য কড়াইলে ক্লিনিক হাসপাতাল করে দিতে চাই।
তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আগে থাকতাম ক্যান্টনম্যান্ট এ। আপানারা জানেন, আমি যে বাড়িতে থাকতাম, সে বাড়ি কীভাবে স্বৈরাচার এসে গুঁড়িয়ে দিয়ে গেছে। এখন উঠেছি গুলশানে।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের পাশেই থাকব।


