চলতি মাসেই ৫০ এ পা রেখেছেন বলিউড তারকা হৃতিক রোশান। এবার পালা তার বড় বোন অর্থাৎ সুনয়না রোশনের।
গেল সোমবার (২২ জানুয়ারি) ৫২ তে পা রাখেন হৃতিকের বোন। আর তাই বড় বোনের জন্মদিন উপলক্ষে একেবারে মাঝরাতে একটি ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানালেন অভিনেতা।
বড় বোনের বিশেষ এই দিনে শুভেচ্ছা জানানোর জন্য হৃতিক বেছে নিয়েছেন তাদের ছোটবেলার একটি ছবি। যা রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন হৃতিক তার ইনস্টাগ্রামে পোস্ট করেন তার এবং তার বোনের ছোটবেলার একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, বোনের পাশে তারই গা ঘেঁষে বসে হৃতিক। খানিক দুঃখী মুখেই মাটির দিকে তাকিয়ে সে। আর বোন (সুনয়না) ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। সঙ্গে লেখেন একটি মিষ্টি ক্যাপশন।
পোস্টে হৃতিক লেখেন, ‘তোমার এবারের জন্মদিনে এটাই আমার বিশেষ উপহার দিদি, তোমার সঙ্গে বন্ডিং আরও শক্ত করা, সময় দেওয়া। খালি তুমি আর আমি। ভাই এবং বোন। তোমায় খুব ভালোবাসি, মিস করি। শুভ জন্মদিন দিদি।’
তবে একা হৃতিক নন। তাদের বাবা রাকেশ রোশনও এদিন মেয়ের জন্মদিনে একটি বিশেষ পোস্ট করেন। মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে এদিন তিনি লেখেন, ‘হাসতে থেকো, উজ্জ্বল থেকো। আর এটা জেনো তোমায় ভীষণ ভালোবাসি। তোমার মতো সন্তান যে কোন বাবা মায়ের কাছে আশীর্বাদের মতো। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা নিও। শুভ জন্মদিন।’
সোশ্যাল হ্যান্ডেলে প্রায় সময়ই ভাইরাল হতে দেখা যায় বলিউড তারকাদের ছোটবেলার ছবি। এবার তেমনটাই ভাইরাল হলো বলিউডের জনপ্রিয় এই তারকার ছোটবেলা ছবি।
সূত্র: এনডিটিভি








