মাদক ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আদালতে হাজির হয়ে তিনি বিচারককে বলেন, আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে জোরপূর্বক ধরে এখানে নিয়ে আসা হয়েছে।
আজ (৬ জানুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে শুনানিতে বিচারক অ্যালভিন হেলারস্টাইন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পাঠ করে শোনান এবং তার বক্তব্য জানতে চান। জবাবে মাদুরো স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনোটিই আমি করিনি।
একই শুনানিতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও তার বিরুদ্ধে আনা মাদক সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন। এদিকে মাদুরোর আইনজীবী আদালতকে জানিয়েছেন, আপাতত তার মক্কেলের জামিনের জন্য কোনো আবেদন করা হচ্ছে না। তবে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে জামিন আবেদন করা হতে পারে।
শুনানি শেষে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর পরবর্তী আদালতে হাজিরার তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেন।এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। পরে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে।








