প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লি সফরকালে ভারতের কেন্দ্রীয় বিজেপির দুই নেতা বিজয় চৌথালিয়া ও শিশির বাজোরিয়ার সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।
আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য ওয়াল জানিয়েছে, বৈঠকে হুমায়ুন কবির বিজেপি নেতাদের হাতে তারেক রহমানের চিঠি তুলে দেন। চিঠিতে ভারতের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের প্রতি বার্তা রাখা হয়েছে। তবে বিজেপি নেতারা বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করেননি।
বিজয় চৌথালিয়া ও শিশির বাজোরিয়া কেন্দ্রীয় বিজেপির পররাষ্ট্র বিষয়ক বিভাগে দায়িত্বশীল এবং বাংলাদেশ সম্পর্কেও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করেছেন। বৈঠকে তারা হুমায়ুন কবিরকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের লেখা বই ‘হোয়াই ভারত ম্যাটার্স’ উপহার দেন।
হুমায়ুন কবির মঙ্গলবার দিল্লি পৌঁছানোর পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পৃথক বৈঠকও করেছেন। এই সফরকে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সঙ্গে বিএনপি-বিজেপি সম্পর্ক গড়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।







