যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার ১৫৫০টি গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৯ মার্চ) শ্রীমঙ্গলের জেলা পরিষদ মিলনায়তনে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবতার সেবায় ‘হৃদয়ে শ্রীমঙ্গলে’র এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তবে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
আব্দুল্লাহ আল মামুন টিটুর সভাপতিত্বে এবং দেলোয়ার মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘হৃদয়ে শ্রীমঙ্গলে’র সভাপতি আব্দুর রকিব রাজু এবং প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী শ্রীমঙ্গলবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
‘হৃদয়ে শ্রীমঙ্গলে’র সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সরফরাজ আহমেদ সরফু, মোঃ মোবারক হোসেন, একরামুল কবীর, মসদ্দর আলী, মাওলানা নোমানী, মকসুদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ বিগত আট বছর ধরে উপজেলার বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রোগীদের চিকিৎসা সহায়তা, বেকারদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ, রিকশা ও সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য সহায়তা প্রদান।
তারা আরও বলেন, পবিত্র রমজান মাসে অনেক পরিবার সারাদিন রোজা রাখার পরও রাতে প্রায় অভুক্ত থাকতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে ১ হাজার ৫৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। একই সঙ্গে সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনকেও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য চাল, আলু, পিয়াজ, তেল, লবণ, চানা ডাল, সেমাইসহ রমজানের বাকি দিনগুলোর জন্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়।


