বগুড়ার ধুনটে ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে তিনি ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে এক বন্ধুর বাড়িতে যান। সেখানে রাতের কোনো এক সময়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি।
শুক্রবার সকাল ১০টার দিকে বন্ধু জাহিদ হাসান ঘরে প্রবেশ করে হিরো আলমকে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর তাৎক্ষণিকভাবে তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা গুরুতর মনে করে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, হিরো আলম অতিমাত্রায় ঘুমের ট্যাবলেট খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হিরো আলমের ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার কিছু পরে হিরো আলম তার বাড়িতে পৌঁছান। সেখানে এসে তিনি পারিবারিক সমস্যার কথা বলেন এবং স্ত্রী রিয়ামণির সঙ্গে সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে কান্নাকাটি ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকেন। তিনি রাতে কোনো খাবার না খেয়ে একা একটি ঘরে ঘুমিয়ে পড়েন।
জাহিদ হাসান আরও বলেন, সকালে দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে তিনি ঘরে ঢুকে দেখেন হিরো আলম নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। তখনই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।








