কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ঢাকাগামী নৈশকোচের ধাক্কায় ওই নৈশকোচের হেলপার নিহত হয়েছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম আসাদুল (৩০)। তিনি নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝার এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। অপরদিকে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশকোচ দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যায়।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে বাসের হেলপার নিহত হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








