নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় জড়িত ধর্ষক নূরাকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে একথা জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় জানা যাচ্ছে, স্থানীয় বিএনপি নেতাও জড়িত। তিনি হলেন, মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান।
হাসনাত আবদুল্লাহ জানান, সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবার বিচার চেয়ে স্থানীয় মেম্বারের কাছে বিচার দেন। কিন্তু ধর্ষকদের কাছ থেকে টাকা খেয়ে বিএনপি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপোসের নামে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মামলা করতে দেননি। উল্টো মেয়েটির পরিবারকে এলাকা ছাড়তে বলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় চাপে পড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েটিকে তার খালার কাছে রেখে আসতে যাচ্ছিলেন তার বাবা। সে সময় তুলে নিয়ে যায় নুরা। বৃহস্পতিবার সরিষা ক্ষেতে মেয়েটির লাশ পাওয়া যায়।
এ ঘটনায় পুলিশ মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে, যা যথেষ্ট নয় উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ জানান, ধর্ষক নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। আহম্মদ আলী দেওয়ানের শক্তির উৎস বিএনপি নেতাদের ধরতে হবে। স্বারাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, বিএনপি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ অপহরণ খুনের মত জঘণ্য অপরাধ কবে থামবে?








