বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটি জিতে এগিয়ে গিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে পারেনি দলটি। হেরে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলছেন, বাংলাদেশের ইনিংসের প্রথম ১০ ওভার আর শেষ ৫ ওভারে নিজেদের বোলিং মান অনুযায়ী না হওয়াতে হারতে হয়েছে।
শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ৪৩.৩ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। তাতে ৬৮ রানে ম্যাচ হেরে সিরিজে ১-১ সমতায় আছে তারা।
ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে হাশমতউল্লাহ বলেছেন, ‘এটা কঠিন ছিল। মনে করি শেষ ৫ ওভারে ৪০ রান (আসলে ৫২ রান) এবং এটাই হারের কারণ। আমরা ভালো খেলেছি, কিন্তু উইকেট ছিল ব্যবহৃত এবং দ্বিতীয় ইনিংসে এ ধরনের উইকেটে ব্যাট করা কঠিন। প্রথম ১০ ওভার আমরা যেভাবে বোলিং করেছি, এটা মান অনুযায়ী ঠিক ছিল না। এছাড়া শেষ ৫ ওভারের মূল্যও দিতে হয়েছে। কারণ, আমরা বেশি রান দিয়ে ফেলেছি।’
‘আমরা এটা নিয়ে ভাবব। ব্যাটিংয়ে আমরা ব্যাক-টু-ব্যাক উইকেট হারিয়েছি। আমাদের কয়েকটা পার্টনারশিপ দরকার ছিল। এসব নিয়ে আমাদের সকলের কাজ করতে হবে।’








