আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। বাংলাদেশ দলে পরিবর্তন একটিই। আয়ারল্যান্ড দলে অভিষিক্ত হয়েছেন ম্যাথুউ হামফ্রেশ।
বাদ পড়েছেন গ্যারেথ দিলানি। টস জিতে আগে বোলিং বেছে নিয়েছে সফরকারীরা।
আগের ম্যাচের মতোই শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে নড়বড়ে শুরুর পর তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসানের ব্যাটে রেকর্ড রান তোলে বাংলাদেশ। জয়ও আসে বিশাল ব্যবধানে।
আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ সিরিজ জয়ের অপেক্ষায়। ঘরের মাঠে টানা সাতটি ওয়ানডে সিরিজ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে ধাক্কা খেয়েছিল তামিম-সাকিবরা। এক সিরিজ পরই আবারও জয়ে ফেরার হাতছানি টাইগারদের সামনে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইয়াসির আলি চৌধুরী, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।








