বান্দরবানে দীর্ঘ তিন বছর ধরে চলতে থাকা সংঘাতময় পরিস্থিতির নিরসন ও এলাকায় ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ১২টি সম্প্রদায়ের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে সম্প্রীতির মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২ টায় জেলা শহরের রাজার মাঠ থেকে এই সম্প্রীতির মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরে একটি পথ নাটক মঞ্চস্থ করা হয়। এতে পাহাড়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাট্যকর্মীরা পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলের সহবস্থান নিশ্চিত করার প্রতি জোর দেন।

পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় আর সমাবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খুমী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমাম, বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন এবং পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি পাহাড় থেকে সকল সন্ত্রাসীদের নির্মূল ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের গতি বৃদ্ধির আহবান জানান।








