শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হয় হামজা দেওয়ান চৌধুরীর। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার লাল-সবুজের জার্সিতে খেলবেন ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটি তারকা। ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন তিনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল সোয়া ১১টার দিকে পা রাখেন তারকা মিডফিল্ডার। বিমানবন্দর থেকে টিম হোটেলে যাবেন ২৭ বর্ষী হামজা। বিশ্রাম শেষে বিকেলে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে তার।
ইংল্যান্ডে হামজার গত কিছুদিন ভালো যায়নি। চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে উঠতে পারেনি তার ধারের দল শেফিল্ড ইউনাইটেড। সামনের মৌসুমে তার লেস্টার সিটিতে ফিরে যাওয়ার কথা, যে ক্লাবটি এবার প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে।
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজাকে বিশ্রাম দিতে পারেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।
এএফসি এশিয়ান কাপ (সৌদি আরব) ২০২৭ বাছাইয়ে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং। চার দলের পয়েন্টই সমান ১ করে।
এদিকে কানাডা থেকে আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম আসবেন ৪ জুন।






