মাসখানেক আগে লেস্টার সিটির হয়ে খেলতে নেমে চোটে পড়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। এরপর শঙ্কা জাগে বাংলাদেশের হয়ে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলা নিয়ে। সবকিছু ছাপিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ২৮ বর্ষী মিডফিল্ডার। জানিয়েছেন, ফিট আছেন।
মঙ্গলবার বিকেলে ভিয়েতনামে পৌঁছেই দলের সঙ্গে যোগ দেন হামজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় চোট নিয়ে বলেছেন, ‘কোন সমস্যা নেই, আলহামদুলিল্লাহ্, এখন বেশ ভালো লাগছে।’
ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছায় হামজা বলেছেন, ‘১৫ ঘণ্টার জার্নি শেষ করে এখানে এসেছি, খুব বেশি কষ্ট হয়নি। এখন দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে এবং ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। ঈদ মোবারক।’
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আরও দুদিন আগে দলের সঙ্গে তার যুক্ত হওয়ার কথা ছিল। তবে ক্লাব লেস্টার সিটি থেকে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় বিলম্বিত হয়েছে।
গত ফেব্রুয়ারিতে চার্লটন অ্যাথলেটিকে বিপক্ষে খেলতে নামার ৩০ মিনিটের মধ্যে হাঁটুতে চোট পেয়েছিলেন হামজা। তখন খবর ছিল, চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ লাগতে পারে।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন জামাল ভূঁইয়ারা। ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচ খেলে দল ঢাকায় আসবে, আর হামজা ইংল্যান্ড ফিরে যাবেন।








