ইংলিশ প্রিমিয়ার লিগে শেষার্ধের খেলা চলছে। ৩৮ রাউন্ডের লিগে সব দলের ৩০টির বেশি ম্যাচ খেলা হয়ে গেছে। সবার উপরে আর্সেনাল, দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ৯ পয়েন্টে এগিয়ে গানারবাহিনী। ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা অবশ্য বলছেন, এখনও শিরোপা লড়াই শেষ হয়ে যায়নি।
সবশেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ সমতায় শেষ করেছে সিটি। প্রথমার্ধে বের্নার্দো সিলভার গোলে লিড নেয়ার কিছুপর সমতায় আসে ওয়েস্টহ্যাম। আগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দুবার এগিয়েও ২-২ সমতায় শেষ করে পয়েন্ট হারিয়েছিল গার্দিওলার শিষ্যরা।
ওয়েস্টহ্যামের বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়ে গার্দিওলা বলেছেন, ‘শিরোপা লড়াই এখনও শেষ হয়নি। আমরা হারিনি। এখনও শেষ হয়নি। আমরা লড়াই চালিয়ে যাবো। এটা খুবই কঠিন, কিন্তু আমাদের হাতে একটা খেলা আছে এবং ওই ম্যাচটা ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে। বলছি না যে তাদের হারানো সহজ হবে, তবে আশা আছে।’
‘জানি না (আর্সেনাল) কেমন খেলছে। কারণ শেষ খেলাগুলো দেখিনি, কিন্তু আমার কিছু জিনিস পছন্দ হয়েছে। এটা আরও ভালো হতে পারত। আর্সেনালের বিপক্ষে ৯ পয়েন্ট অনেকবেশি, কিন্তু আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। যখন সেটা সম্ভব হবে না, আমরা চ্যাম্পিয়নদেরকে অভিনন্দন জানাব। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে।’
টেবিলে শীর্ষে থাকা আর্সেনাল ৩১ ম্যাচে ২১ জয়ে ৭০ পয়েন্ট তুলেছে। ৩০ ম্যাচে ১৮ জয়ে ম্যানসিটি ৬১ পয়েন্টে দুইয়ে। তিনে সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।








