মাস কয়েক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল আলাদা থাকছেন বলিউড অভিনেতা গোবিন্দ ও তার ৩৭ বছরের সঙ্গীনি স্ত্রী সুনীতা আহুজা। তার মাঝেই মঙ্গলবার সকালে যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোবিন্দ-সুনীতার বিবাহবিচ্ছেদের খবর। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত নীরব তারকা।
তবে শোনা যাচ্ছে, মেয়ে টিনার থেকে ছোট বয়সী এক মারাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু গোবিন্দ। তবে কি এটাই কারণ তাদের আলাদা হওয়ার, নাকি গোবিন্দ-সুনীতার সংসারে অশান্তির নেপথ্যে রয়েছে আরও বেশ কিছু সম্ভাব্য কারণ।
অভিনেতার দীর্ঘ দিনের সহকারী শশী সিনহা বলেন, ‘‘বেশ কয়েকদিন ধরেই ওদের সম্পর্কে ছন্দপতন চলছে। পরিবারের তরফে এমন কিছু মন্তব্য করা হয়েছে সংবাদমাধ্যমে যার ফলে সমস্যার সূত্রপাত। যদিও এর বেশি কিছু গোবিন্দ জানাতে চান না। খুব শিগগির একটি সিনেমার কাজে হাত দেবেন। তার আগে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’’
এদিকে গোবিন্দর ভাগ্নি আরতি সিং নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “সত্যি বলতে আমি এখন মুম্বাইয়ে নেই। সুতরাং আমি কারো সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারিনি। তবে এতটুকু বলছি যে, বিবাহবিচ্ছেদের খবরটি ভুয়া। এসবই গুঞ্জন, তাদের দুজনের বন্ধন অনেক শক্ত, দৃঢ়। বছরের পর বছর ধরে তারা শক্তিশালী ও প্রেমময় সম্পর্কে রয়েছেন। তাহলে তারা কীভাবে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন? আমি জানি না, মানুষ এসব গুজব কোথা থেকে পায়। এটি সম্পূর্ণ মিথ্যা খবর। তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকা উচিত।”
একই সুর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের কণ্ঠেও। তিনি বলেন, ‘‘এটা হতেই পারে না, তাদের বিচ্ছেদ সম্ভব নয়।’’ যদিও শোনা যাচ্ছে সুনীতাই নাকি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন।
বেশ কয়েক বছর ধরেই ছেলেমেয়েকে নিয়ে একাই থাকেন সুনীতা। যদিও উল্টো দিকের বাংলোতে গোবিন্দ থাকেন। দিন কয়েক আগে সুনীতা নিজেই জানিয়েছিলেন, বেশ কয়েক বছর ধরেই জন্মদিনটা একাই কাটান। নিজেই কেক কাটেন তারপর মদ নিয়ে বসেন। এছাড়াও স্বামীকে নিয়ে নিরপত্তাহীনতায় ভোগেন সে কথাও স্বীকার করেছেন সুনীতা।








