দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে নতুন করে এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নতুন দাম হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। সেই হিসাবে ২৪ ঘণ্টার মধ্যেই আবারও সোনার দাম কমানো হলো।
তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।








