দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে, যার ফলে প্রতি ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।
শুক্রবার ২৭ মার্চ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। এর আগে, গত ২৫ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, যা এবার আরও কমলো।








