টানা চার দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দামে আবার পতন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
এর আগে, ১ এপ্রিল সর্বশেষ মূল্য সমন্বয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা করা হয়েছিল। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। এবার প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় নির্ধারণ করা হয়েছে।







