মিরপুর টেস্টে ব্যাটাররা হতাশ করলেও বোলিংয়ে বাংলাদেশ ছিল সাবলীল। চট্টগ্রামে আগে ফিল্ডিংয়ে নেমে হতাশ হতে হয়েছে টিম টাইগার্সদের। এবার বোলিংও ছন্নছাড়া! বাংলাদেশের সামনে ৫৭৫ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছেন সাউথ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। বোলারদের বিবর্ণতার মধ্যে তাইজুল ইসলাম নিয়েছেন ৫ উইকেট।
চট্টগ্রামে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক মার্করাম। ১৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান তুলেছে সফরকারী দল। তিন সেঞ্চুরি ও দুটি ফিফটিতে এ পুঁজি দাঁড় করিয়েছে তারা। টনি ডি জর্জি, স্ত্রিস্তান স্টাবস ও উইয়ান মুল্ডার সেঞ্চুরি করেছেন। সঙ্গে সেনুরান মুথুস্যামি ও ডেভিড বেডিংহামের করেছেন ফিফটি।
আগেরদিনের ২ উইকেটে ৩০৭ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে সাউথ আফ্রিকা। দুই অপরাজিত টনি ডি জর্জি ১৪১ ও ডেভিড বেডিংহাম ১৮ রান নিয়ে নেমে দেখেশুনে দ্বিতীয় দিন শুরু করেন।
ম্যাচের দ্বিতীয় ঘণ্টায় বাংলাদেশের হয়ে টানা তিন ওভারে ৩ উইকেট শিকার করেন তাইজুল। ১১৬ রানের জুটি ভেঙে নিজের তৃতীয় শিকার বানান বেডিংহামকে। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৭৮ বলে ৬৯ করে ফিরে যান ৩০ বর্ষী ডানহাতি তারকা। এক ওভার পর এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকা জর্জিকে। ২৬৯ বলে ১৭৭ করে ফেরেন তিনি। ১২ চার ও ৪ ছক্কায় দুর্দান্ত ইনিংসটি সাজান ২৭ বর্ষী বাঁহাতি ব্যাটার।
পরের উইকেটটি নেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কাইল ভেরেইন্নেকে শূন্য রানে ফিরিয়ে। তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান। এরপর রায়ান রিকেল্টনকে ১২ রানে ফিরিয়ে দিলেও প্রোটিয়াদের রানের চাকা সচল রাখেন উইয়ান মুল্ডার ও সেনুরান মুথুস্যামি।
পরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মুল্ডার। ৯ চার ও ৩ ছক্কায় ১৫০ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ৭৫ বলে ৭০ রান আসে আরেক অপরাজিত মুথুস্যামির থেকে। এরপর ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে ৫২.২ ওভার বল করে ১৯৬ রানে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল, একটি উইকেট শিকার করেন নাহিদ রানা।








