বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনে প্রশিক্ষণ নিতে গিয়ে এক নারী ক্রীড়াবিদ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন রয়েছে। গ্রেপ্তার হওয়া অপরজনের নাম জানা যায়নি।
আজ শনিবার (১৮ মে) রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। বিকেলে র্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, এক নারীকে জুজুৎসুর শ্যামলী অফিসে জোরপূর্বক ধর্ষণ করা হয়। সেই ধর্ষণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করেন বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন। এ কাজে তাকে আরও একজন সহায়তা করেন। ফলে দুজনের নামে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে শেরে বাংলানগর থানায় একটি মামলা করেন। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম।








