গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে একদল ব্যক্তি হামলার চেষ্টা চালায়। শতাধিক মানুষ নিজেদের ছাত্র সমন্বয়ক দাবি করে বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাদের বাধা দেয়। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই আ ক ম মোজাম্মেলের ধীরাশ্রমের পৈতৃক বাড়ির আশপাশে কিছু লোক অবস্থান নেয়। এরপর রাতে হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এসময় মসজিদে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। পরে এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়।
এতে বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন আহতদের দেখতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যান।








