কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। তিনি বলেন, আমরা একটি বিশাল প্রতিভা হারিয়েছি কিন্তু তার সৃষ্টি চিরকাল বেঁচে থাকবে।
রোববার সন্ধ্যায় ফেসবুকে বর্ষীয়ান এই সংগীতজ্ঞের সঙ্গে একটি ছবি শেয়ার করে রুনা লায়লা এ কথা লিখেছেন। ওই পোস্টে রুনা লায়লা আরও বলেন, আকাশের অন্যান্য নক্ষত্রের সাথে যোগ দিতে আমাদের ছেড়ে চলে গেল আরেকটি নক্ষত্র। তিনি রেখে গেছেন অসংখ্য গান যা তার লেখা।
উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা মনে করেন, আগামীতে বছরের পর বছর ধরে এসব গান আমাদের মনে থাকবে এবং আগামী প্রজন্ম গাইবে। শোকবার্তার সবশেষে রুনা লায়লা লিখেছেন, সৃষ্টিকর্তা তার আত্মাকে চির শান্তিতে রাখুক। আমীন।
রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে গাজী মাজহারুল আনোয়ার। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ সেখানেই রয়েছে।
গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল জানিয়েছেন, সোমবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। সেখানে তিনি তার মায়ের কবরে শায়িত হবেন। সোমবার সকাল ১১টায় এই গীতিকারের মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে; এরপর নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। জানা গেছে, গত কয়েক দিন থেকে অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন তিনি।








