টানা ১০ জয়ের পর বিশ্বকাপের ফাইনালে হেরে খালি হাতে ফিরেছে রোহিত শর্মা ভারত। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন অধিনায়ক রোহিত। তারপরও কিংবদন্তি সুনীল গাভাস্কার ৩৬ বর্ষী ডানহাতি ওপেনারের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতের সাবেক ওপেনারের মনে হয়েছে, বেশি লোভের কারণে এমন ব্যাটিং করেছেন রোহিত।
আসরজুড়ে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন রোহিত। ফাইনালে গ্লেন ম্যাক্সওয়েলের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন। সেই ওভারে দুটি বাউন্ডারি মারার পরও রোহিত আরেকটি বড় শট খেলতে গিয়ে আউট হন, যা পছন্দ হয়নি গাভাস্কারের। তার খানিক আগেই শুভমন গিল আউট হয়েছিলেন।
৭৪ বর্ষী গাভাস্কার এক কলামে লিখেছেন, ‘ট্রাভিস হেডের পেছন থেকে ধরা অসাধারণ ক্যাচে ভারতের ৩০০ রানের আশা শেষ হয়ে যায়। আউট হওয়ার আগে দ্রুতগতিতে ৪০ রানের বেশি করেন রোহিত। সেসময় ৩০ গজের বাইরে মাত্র দুজন খেলোয়াড় ছিল।’
‘ওই ওভারে ইতিমধ্যে সে একটি ছক্কা এবং চার মারার পর পাওয়ার প্লের শেষ বলগুলো কাজে লাগাতে চেয়েছিল। তাকে সেসময় বেশি লোভী মনে হয়নি? শুভমন গিল আউট হওয়ার পর তার নিজেকে একটু সামলানো উচিত ছিল না?’

গাভাস্কারের মনে হয়েছে, ‘অস্ট্রেলিয়ার পঞ্চম বোলারের কোটায় লটারি লেগেছিল। এজন্য বিরাট কোহলির আউটের পর পার্টটাইম বোলারদেরও দেখেশুনে খেলতে হয়েছে ব্যাটারদের, যাতে বাউন্ডারি কম হয়। তাতে প্রায় ৩০ রানের মতো কম আসে, যা ম্যাচে পার্থক্য গড়ে দেয়।’








