দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং নিয়মিতভাবে প্রতিদিন নতুন তেল যোগ হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে ‘জ্বালানি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী মাসেও জ্বালানি সরবরাহে কোনো ধরনের সমস্যা হবে না বলে জ্বালানি বিভাগের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
বর্তমান মজুদের পরিমাণ হলো ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ লিটার, অকটেন ৭ হাজার ৯৪০ লিটার, পেট্রোল: ১১ হাজার ৪৩১ লিটার এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ লিটার।
তিনি আরও বলেন, নিয়মিত সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকায় বাজারে জ্বালানি নিয়ে কোনো অস্থিরতার শঙ্কা নেই।
অন্যদিকে, দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বাজারে শৃঙ্খলা রক্ষায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত সরবরাহ ব্যবস্থা ও মজুদের তথ্যও জানিয়েছে জ্বালানি বিভাগ।
মোবাইল কোর্ট অভিযানের তথ্য
মোট অভিযান হয়েছে ৩ হাজার ৫৫৯টি, মামলা হয়েছে ১ হাজার ২৪৪টি, মোট অর্থদণ্ড প্রদান করা হয়েছে ৮৪ লাখ ৫১ হাজার টাকা এবং কারাদণ্ড হয়েছে ১৯ জনের।
মুখপাত্র মনির হোসেন চৌধুরী আরও বলেন, অবৈধ মজুদ রোধ ও সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


