ইরানকে কেন্দ্র করে চলমান বৈশ্বিক উত্তেজনার প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে, যার সরাসরি ধাক্কা লেগেছে পাকিস্তানে। হঠাৎ জ্বালানির দাম বৃদ্ধিতে জনজীবনে চাপ বাড়ার আশঙ্কার মধ্যে স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করেছে দেশটির সরকার।
আল জাজিরা জানিয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানে, যেখানে হঠাৎ করেই জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার রাতে পাকিস্তান সরকার নতুন জ্বালানি মূল্য ঘোষণা করে। এতে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৪৫৮ দশমিক ৪০ রুপিতে এবং ডিজেল ৫২০ দশমিক ৩৫ রুপিতে নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে।
এদিকে জনগণের ওপর প্রভাব কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনে ভাড়া মওকুফ করা হয়েছে। শুক্রবার এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে এবং শনিবার থেকে এটি কার্যকর হবে।







