গত ২৪ সেপ্টেম্বর লা লিগায় আলাভেসের বিপক্ষে বাম পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন কাইলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জার্সিতে শেষদিকে নেমেছিলেন। অক্টোবর উইন্ডোতে নেশনস লিগে দুটি ম্যাচে ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড।
নেশনস লিগের লড়াইয়ে আগামী ১০ অক্টোবর বুদাপেস্টে ইসরায়েল এবং ১৪ অক্টোবর ব্রাসেলসে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচ দুটি সামনে রেখে বৃহস্পতিবার ২৩ সদস্যের দল দিয়েছে দেশটি। কোচ দিদিয়ের দেশমের দলে রাখা হয়নি বিশ্বজয়ী তারকাকে।
সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গ্রিজম্যান। প্রায় ১১ বছর পর গ্রিজম্যান বা এমবাপেকে ছাড়া নামতে হচ্ছে ফরাসিদের। ২০১৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেনের বিপক্ষে দুজনের কাউকে ছাড়া নেমেছিল ফ্রান্স। ম্যাচে ৩-০ গোলে জিতে মূলপর্বের টিকিট পেয়েছিল ফরাসিরা।
১৫ মাস পর জাতীয় দলে ফিরেছেন আরেক ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুনকু। ২০২৩ সালের জুনে সবশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। ফিরেছেন ওয়েসলি ফোপানা।
নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। ফরাসিদের সমান ৩ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। দুই ম্যাচে জয় না পাওয়া ইসরায়েল আছে তলানিতে।








