ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ফ্রান্স। আরেক ম্যাচে মিশরকে ৩-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। দারুণ জয়ে পরবর্তী রাউন্ডে গেল দেশটি।
কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ১ নাম্বার পিচে মুখোমুখি হয় ফ্রান্স-কলোম্বিয়া। ফ্রান্সের হয়ে গোল দুটি করেন অ্যান্টোইন ভ্যালেরো এবং পিয়েরে মুঙ্গুয়েঙ্গু।
ম্যাচের ১৪ মিনিটে লুকাস বাটবেদাতের অ্যাসিস্টে ফ্রান্সকে লিড এনে দেন ভ্যালেরো। ম্যাচের ৯০ মিনিটের পর যোগ করা চতুর্থ মিনিটে আব্দুলায়ে কামারা অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন মুঙ্গুয়েঙ্গু। ব্রাজিল-প্যারাগুয়ের মধ্যে জয়ী দলের বিপক্ষে শেষ ১৬তে মুখোমুখি হবে ফ্রান্স।
কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ৫ নাম্বার পিচে মুখোমুখি হয় সুইজারল্যান্ড-মিশর। সুইসদের হয়ে গোল তিনটি করেন জিল স্টিল, ইথান ব্রুচেজ এবং নেভিও শেরার। মিশরের হয়ে একমাত্র গোলটি করেন আনাস রোশদি।
ম্যাচের ১৬ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন শেরার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুচেজ। দ্বিতীয়ার্ধে সুইসদের হরে তৃতীয় গোল করেন স্টিল। ৯০ মিনিটের পর যোগ করা সময় ব্যবধান কমান রোশদি। আয়ারল্যান্ড-কানাডার মধ্যে জয়ী দলের বিপক্ষে শেষ ১৬তে মুখোমুখি হবে সুইজারল্যান্ড।








