নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত থাকবেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য। পাশাপাশি স্ট্যান্ডবাই রাখা হয়েছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কেনাইন (ডগ স্কোয়াড) টিমের মতো বিশেষায়িত ইউনিট।
আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার এদিকে শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মঙ্গলবার সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোডে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে যানবাহন চলাচলে ডাইভারশন সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। এই ঐতিহাসিক আয়োজনের সাক্ষী থাকবেন এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি।
অনুষ্ঠানকে সামনে রেখে দক্ষিণ প্লাজাজুড়ে আগে থেকেই তল্লাশি ও সুইপিং কার্যক্রম চালিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান নিয়েছেন গোয়েন্দা সদস্যরা। মন্ত্রিপরিষদ সদস্যরা বাসা থেকে রওনা দেওয়ার মুহূর্ত থেকেই তাদের নিরাপত্তা দেওয়া হবে। প্রোটোকল নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি।








