একটি মন্ত্রণালয় ও তিনটি বিভাগে চুক্তিভিত্তিক ৪ জন সচিব নিয়োগ দিয়েছে সরকার। তাদের নিয়োগের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগাদেশ জারি করে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার বিধান অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তারা সচিব পদে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে তাদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

