শেখ মুজিবুর রহমানসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে, এমন খবর নাকচ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেছেন, শেখ মুজিবুর রহমান ও চার নেতাকে অবশ্যই মুক্তিযোদ্ধার তালিকায় রাখা হয়েছে। তারা তো থাকবেনই। তাদের কেন বাদ দেয়া হবে? মুক্তিযুদ্ধটাতো পরিচালনা করেছেনই তারা।
বুধবার (৪ জুন) দুপুর একটি আন্তর্জাতিক গণমাধ্যমেকে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, যাদের লেখাপড়া নাই তারা এগুলো লিখছে। মুক্তিযুদ্ধ ওনারাই পরিচালনা করেছেন। ইতিহাস কেউ কী কেউ কখনও মুছতে পারে? জাতীয় চার নেতাসহ শেখ মুজিবর রহমান মুক্তিযোদ্ধা হিসেবেই থাকবে, আছে। তাদেরকে বাদ দেয়া হয়নি।
মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে এক অধ্যাদেশ জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল মঙ্গলবার রাতে এই প্রজ্ঞাপন দেওয়া হয়। অনেক গণমাধ্যম বলছে, শেখ মুজিবুর রহমানসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, নতুন সংজ্ঞা অনুযায়ী, শুধুমাত্র তারা ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচিত হবেন, যারা ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সরাসরি পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন অথবা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নিয়েছেন।







