রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে সহায়তা সেল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। এই প্রেক্ষিতে রাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইজন সহকারী প্রক্টরের সমন্বয়ে একটি সহায়তা সেল গঠন করেছে। কোনো নিরপরাধ শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয় তাহলে সেলের সদস্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন (মোবাইল ফোন: ০১৯১৬৩১৪৯৬১) ও ড. রতন কুমার (মোবাইল ফোন: ০১৭১৪৭৮১৭৩৫) এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।
এখানে উল্লেখ্য যে, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ রয়েছে।








