ভারতের বেঙ্গালুরুতে একটি বহুতল অ্যাপার্টমেন্টের চারতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অর্চনা ধিমান (২৮) নামের এক নারীর, যিনি পেশায় একজন বিমানবালা। তার মৃত্যুকে ঘিরে বহু প্রশ্ন উঠছে। ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে তার বয়ফ্রেন্ডকে।
হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
বেঙ্গালুরুর কোরামঙ্গলার রেনুকা রেসিডেন্সিতে থাকতেন অর্চনা। ওই একই অ্যাপার্টমেন্টে থাকতেন তার বয়ফ্রেন্ড আদেশ। অর্চনার মৃত্যুতে তার বয়ফ্রেন্ড আদেশকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদেশের বিরুদ্ধে অর্চনাকে ধাক্কা দিয়ে চারতলা থেকে ফেলে খুনের অভিযোগ করা হয়েছে।
বেঙ্গালুরুর এক নামি প্রযুক্তি সংস্থায় কাজ করেন আদেশ। আর অর্চনা দুবাইয়ের এক আন্তর্জাতিক বিমান সংস্থায় কর্মরত ছিলেন।
হিমাচল প্রবেশে জন্মগ্রহণকারী অর্চনার মৃত্যুতে তার বাবা অর্চনার বয়ফ্রেন্ড আদেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অর্চনার বাবার দাবি, আদেশই তার মেয়েকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করেছেন।
অর্চনার বাবার সেই অভিযোগের ভিত্তিতে আদেশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে আদেশ জানান, শনিবার ওই অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে ছিলেন অর্চনা। তখনই সেখান থেকে পা পিছলে পড়ে যান তিনি। এরফলেই অর্চনার মৃত্যু হয় বলে দাবি করেছেন আদেশ।
পুলিশ জানিয়েছে, অর্চনার সঙ্গে আদেশের সম্পর্ক ছয় মাসের। দু’জনে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। এরপর থেকেই প্রেম। পুলিশ আরও জানিয়েছে, তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে ঝামেলা চলছিল। তবে তারা সম্পূর্ণভাবে ব্রেকআপ করেননি।
শুক্রবার রাতে কেরামঙ্গলার ফোরাম মল থেকে সিনেমা দেখে বাসায় ফিরেছিলেন তারা। তারপর থেকেই দুজনের মধ্যে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় যা গভীর রাত পর্যন্ত চলে।
পুলিশ বলছে, অর্চনার বাবা এই ঘটনায় তার বয়ফ্রেন্ড আদেশকেই সন্দেহ করছেন। তার অভিযোগের ভিত্তিতেই আদেশকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত চার্জশিট তৈরি করা হবে।








