নির্মাতা হিসেবে এই সময়ের পরীক্ষিত নাম রায়হান রাফী। বড়পর্দায় তার পর পর সফলতা তাকে কম সময়েই ‘সেলিব্রেটি নির্মাতা’র তকমা এনে দিয়েছে। দর্শকদের আস্থাভাজন নির্মাতাদের একজন এখন রাফী!
সিনেমার পাশাপাশি ফ্রাইডে, ৭ নম্বর ফ্লোর, টান, খাঁচার ভেতর অচিন পাখি, জানোয়ারের মতো ওয়েব ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন রাফী। প্রথমবার তিনি নিয়ে আসছেন ওয়েব সিরিজ, এটির নাম ‘ব্ল্যাক মানি’। এতে দেখা যাবে একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক রুবেলকে।
রাফীর নির্মাণ মুন্সিয়ানায় দর্শক যেমন মুগ্ধ হয়, তেমনি শিল্পীদেরও স্ক্রিনে সঠিক ব্যবহার হতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রুবেলকে দিয়েও এই সিরিজে চমক দেখাবেন রাফী।
সিনেমায় অনিয়মিত নায়ক রুবেল। এই কাজটির মাধ্যমে ৯০ দশকের মারকুটে এই নায়কের ডেভিউ হতে যাচ্ছে ওয়েব দুনিয়ায়। এতে আরও সঙ্গে থাকছেন পূজা চেরী।
‘ব্ল্যাক মানি’ নির্মাণ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তার আগেই জানা যায়, এ বছরে ৬ পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি দেয়া হবে।
ওটিটি প্লাটফর্ম বঙ্গ-এর প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ব্ল্যাক মানি’। চলতি সপ্তাহে সৈয়দপুরে এর শুটিং শুরু হবে। এতে আরো অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু, শিবা শানু, ইন্তেখাব দিনার প্রমুখ।
এদিকে গেল সপ্তাহেই রাফীর ওয়েব ফিল্ম ‘মায়া’ মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম বিঞ্জে। ইমন-সারিকা জুটিকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্মটি নিয়ে ইতিবাচক আলোচনাই দেখা যাচ্ছে। এছাড়া চলতি সপ্তাহে বড়পর্দার জন্য ‘লায়ন’ নামে আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছেন রাফী। যেখানে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সুপারস্টার জিৎ এবং ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শরিফুল রাজ।








