মার্কিন চাপের কাছে নত হয়ে ইসরায়েল সীমিত সরবরাহের জন্য পানি শোধনাগার চালু এবং যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করার জন্য জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়ার পর জ্বালানির প্রথম চালান গাজায় প্রবেশ করেছে। গত দুই দিনের ব্ল্যাকআউট থাকার পর গাজায় এই জ্বালানি প্রবেশ করল।
আজ (১৮ নভেম্বর) শনিবার সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, জাতিসংঘের কর্মকর্তারা ২৪ লাখ ফিলিস্তিনিদের জন্য ক্রমবর্ধমান চরম পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানানোর পর আজ (স্থানীয় সময় শুক্রবার দিনের শেষ দিকে) মিশর থেকে জ্বালানির প্রথম চালান গাজায় প্রবেশ করেছে।
এর আগে শুক্রবার ইসরায়েল মিশর থেকে সীমিত পরিসরে জ্বালানি সরবরাহের অনুমোদন দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলেছেন, পানি পরিশোধন সুবিধাগুলো চালানোর অনুমতি দিয়ে শুক্রবার ইসরায়েলের মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে দিনে দু’টি করে জ্বালানী ট্যাঙ্কার গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর গাজায় দুই দিন ধরে যোগাযোগ বন্ধ ছিল। তাই গাজার টেলিকমিউনিকেশন কোম্পানি প্যাল্টেলের জন্য প্রায় ১৭ হাজার লিটারের প্রথম চালান নির্ধারণ করা হয়েছে। যোগাযোগ ব্ল্যাকআউট হওয়ায় ত্রাণ বিতরণেও ব্যাঘাত ঘটে। এছাড়াও হামাস শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনারেটরের জ্বালানি না থাকায় ৪৮ ঘণ্টায় ২৪ জন রোগী মারা গেছে।








