গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক আহত হন।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে সড়কের সঙ্গে ঘর্ষণ হতে থাকে। একপর্যায়ে সেই ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে বাসে আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।


