গেল ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। লক্ষ্মণ উতেকার পরিচালিত যেই ছবিটি এখনো বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে। কিন্তু তারই মাঝে ঘটলো বিপত্তি।
গেল বুধবার দিল্লির সিলেক্ট সিটি মলের একটি সিনেমা হলে ‘ছাবা’ ছবির প্রদর্শনের সময় আগুন লাগার ঘটনা ঘটলো। একজন প্রত্যক্ষদর্শী পিটিআইকে জানিয়েছেন, বিকেল ৪টা ১৫ মিনিটে ‘ছাবা’ ছবির প্রদর্শনের সময় পিভিআর সিনেমার স্ক্রিনের এক কোণে আগুন ধরে যাওয়ায় সিনেমা হলের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দিল্লি অগ্নি নির্বাপণ দফরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার বিকেল ৫.৪২ টায় আগুনের খবর পেয়ে দ্রুত অগ্নি নির্বাপক যান পাঠানো হয়।
আরেকজন সিনেমা দর্শক জানিয়েছেন, হলে আগুনের সাইরেন বাজতে শুরু করার সাথে সাথেই সবাই বেরিয়ে যাওয়ার দিকে ছুটে যায়। সিনেমা হলটি খালি করা হয়।
ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ঐতিহাসিক বীরের চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ!
অন্যদিকে সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। মুক্তির ১৩ দিনে ‘ছাবা’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৩৮৫ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে।








