আবারও বিতর্কে বাদশা। কয়েক বছর আগে ‘বড়লোকের বেটি’ গানকে ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন বাদশা। এবার র্যাপ গায়কের নতুন গান ‘টাটিরি’-কে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে।
গানের কথায় অশালীনতা এবং মিউজিক ভিডিওতে স্কুলের পরিবেশ দেখানোর অভিযোগে বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যা নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
গেল ১ মার্চ মুক্তিপ্রাপ্ত গানটি শুরুতে লুফে নেন শ্রোতারা। কিন্তু দিন দুয়েক পরেই দেখা যায় ভিন্ন চিত্র। গানটির কথা ও দৃশ্যায়নে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরার অভিযোগ ওঠে।
ভারতের হরিয়ানা নারী কমিশন বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে। গায়কের বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। এ প্রসঙ্গে হরিয়ানা নারী কমিশনের সভাপতি রেনু ভাটিয়ার মন্তব্য, “এই ধরনের গান জনমানসে নেতিবাচক প্রভাব ফেলছে।”
তবে ‘টাটিরি’ গানটির জন্য বাদশার দুর্ভোগ অবশ্য এখানেই থামেনি! তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জনৈক ব্যক্তি। তার দাবি, গানটিতে নারীদের অশ্লীল এবং অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে।
স্কুলের পোশাকে পড়ুয়াদের এমন নাচ, অঙ্গভঙ্গি দেখলে বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে। এদিকে বাদশার গানটি সরিয়ে দেওয়া হয়েছে ইউটিউব থেকেও।- হিন্দুস্থান টাইমস

