প্রায় একমাসের মহাযজ্ঞ শেষ হতে চলেছে আজ। বার্বাডোজে গড়াচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরের ফাইনাল। পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকলেও এখনও সাবলীল ব্রিজটাউনের আবহাওয়া। রৌদ্রউজ্জ্বল আকাশের নিচে গড়িয়েছে টস। শিরোপার লড়াইয়ে টসে জিতে প্রোটিয়াদের বোলিংয়ে পাঠিয়েছে ভারত।
কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়াবে ফাইনাল মহারণ। আকাশ পরিস্কার থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচে। বৃষ্টির বিষয়টি এবং ভেন্যুর পরিসংখ্যান বিবেচনায় রেখেই আগেই ব্যাটিং নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এখন পর্যন্ত ৩২টি টি-টুয়েন্টি ম্যাচ গড়িয়েছে। যার ১৯টিতে জিতেছে আগে ব্যাট করা দল। রানতাড়া করে জেতার সংখ্যা ১১টি। ফলাফল হয়নি দুটি ম্যাচে।
প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে বিধ্বস্ত করে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। প্রথম শিরোপা হাতছানি দিচ্ছে তাদের। অন্যদিকে ইংলিশদের হারিয়ে তৃতীয়বারের মত ফাইনালে ওঠেছে ভারত। দ্বিতীয় শিরোপা হাতছানি দিচ্ছে দলটিকে। ২০০৭ সালে প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
সেমির মহারণে কোনো পরিবর্তন আনেনি ভারত। সেমিফাইনালের একাদশ নিয়ে নেমেছে রোহিত শর্মার দল। সাউথ আফ্রিকার একাদশেও আনা হয়নি পরিবর্তন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব।
সাউথ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, এনরিখ নর্টজে, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।







