দলকে এক সুতোয় গেঁথে ঐক্যবদ্ধ করে ডাগআউটে রণকৌশলের খেলায় সফল লিওনেল স্কালোনির হাতেই অবধারিতভাবে উঠেছে ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার। এর আগেই জুটেছে আরেকটি সুখবর। ২০২৬ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
সেরা কোচের পুরস্কার পাওয়ার পর দেয়া প্রতিক্রিয়ায় স্কোয়াডের সবাইকেই দিলেন কৃতিত্ব। নিজের অর্জনের চেয়ে দেশের মানুষের আনন্দই যেন তার কাছে বড় পাওয়া।
‘আপনার জনগণ এবং দেশের মানুষকে খুশি করাই সবচেয়ে সুন্দর ব্যাপার। এটি অমূল্য। এই জয় তাদের জন্য উৎসর্গ করলাম।’
৪৪ বর্ষী আর্জেন্টাইন ২০১৮ সালে দায়িত্ব নেয়ার পর ২৮ বছর পর আলবিসেলেস্তেদের জিতিয়েছেন কোপা আমেরিকা। দীর্ঘ ৩৬ বছর পর হয়েছেন বিশ্বকাপ এনে দেয়ার কারিগর হওয়ার।
আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে মহা অঘটনের শিকার হয়। তবে স্কালোনি একটি দলের ভেতর বুনতে পেরেছিলেন প্রত্যাবর্তনের মন্ত্র। এরপর জয়ের ধারায় যেতে থাকা আকাশী-নীলরা অবশেষে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ট্রফি নিয়েই দেশে ফেরে।








