ফিফা বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক বিরতিতে খেলছে বিভিন্ন দেশ। দলগুলোর ম্যাচ শেষে র্যাঙ্কিংয়ে হালনাগাদ করার প্রথা ভেঙে এমাসে শুরু হয়েছে ফিফার লাইভ র্যাঙ্কিং। অর্থাৎ, প্রতি ম্যাচের পর তালিকার হিসাবনিকাশ। বৃহস্পতিবার হয়েছে অনেক ম্যাচ। তারপর প্রকাশিত লাইভ র্যাঙ্কিংয়ে বেশকিছু পরিবর্তন। এবারের হালনাগাদে জায়গা হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সঙ্গে পিছিয়ে গেছে বাংলাদেশ, ব্রাজিলও।
ফিফার সবশেষ র্যাঙ্কিং হালনাগাদে একধাপ পিছিয়ে তিনে নেমে গেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ না খেলেই অবস্থান হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি। র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ ও ব্রাজিলের। আন্তর্জাতিক বিরতিতে ভিয়েতনামের বিপক্ষে ৩-০তে হেরে দুধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। ১৮০ থেকে এখন লাল-সবুজদের অবস্থান ১৮২তে।
ফ্রান্সের বিপক্ষে হারের পর একধাপ নিচে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তালিকায় পাঁচ থেকে ছয়ে নেমে গেছে কার্লো আনচেলত্তির দল। ফরাসিদের বিপক্ষে তারা হেরেছে ২-১ ব্যবধানে।
ম্যাচ না খেলেও আর্জেন্টিনার অবনমনের কারণ ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের জয়। তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৭৩.৯৬, যা আর্জেন্টিনার ১৮৭৩.৩৩ পয়েন্ট ছাড়িয়ে গেছে। দুই নম্বরে এখন ফ্রান্স। মৌরিতানিয়ার বিপক্ষে শনিবারের ম্যাচে জিতলে আবারও ফ্রান্সকে ছাড়িয়ে যেতে পারবে আলবিসেলেস্তেরা।
এছাড়া শীর্ষ দশে আর কোন পরিবর্তন নেই। যথারীতি এক নম্বরে আছে স্পেন। চারে ইংল্যান্ড। দশ দলের মধ্যে আগের মতোই শেষ চারটি স্থানে যথাক্রমে আছে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি। এই উইন্ডোর পরবর্তী ম্যাচের পর এটা আবার পরিবর্তন হবে। আনুষ্ঠানিকভাবে ১ এপ্রিল স্থায়ী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।








