বিশ্বজুড়ে তরুণ দর্শকদের কাছে ফুটবলকে পৌঁছে দিতে ফিফার সঙ্গে চুক্তি করেছে ইউটিউব। ভিডিও প্ল্যাটফর্মটিতে সরাসরি দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ। এ চুক্তির অর্থিক অঙ্কের পরিমাণ প্রকাশ অবশ্য প্রকাশ করেনি ফিফা।
ফিফা এই চুক্তিকে ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’ হিসেবে উল্লেখ করেছে। ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা জানিয়েছে, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপে ম্যাচের প্রথম ১০ মিনিট সম্প্রচারে উৎসাহিত করা হবে স্বত্বধারীদের। মূলত এটি হবে একধরনের ‘টিজার’, যা তরুণদের আগ্রহ বাড়িয়ে পরে টিভির মতো প্রচলিত মাধ্যমে পুরো ম্যাচ দেখতে উদ্বুদ্ধ করবে।
এছাড়াও সম্প্রচারস্বত্ত্বধারীরা তাদের ইউটিউব চ্যানেলে বাছাই করা কিছু ম্যাচ পুরোটা সরাসরি দেখাতে পারবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের সম্পৃক্ত করা এবং প্রতিযোগিতার বাকি ম্যাচ কোথায় দেখা যাবে, সেটিও প্রচার করা সম্ভব হবে।
২০২২ সালে কাতার বিশ্বকাপে ফিফার নিম্নস্তরের স্পন্সর ছিল ইউটিউব। ওই আসরে ক্রিয়েটররা মাঠে উপস্থিত থেকে ফিফা বিশ্বকাপের কিছু বিশেষ মুহূর্ত ইউটিউব প্রকাশ করার সুযোগ পেয়েছিল।








