লাতিন আমেরিকার ক্লাব ফুটবলে সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেসে ফাইনাল খেলা দুটি দলই ছিল ব্রাজিলের। বোটাফোগো ও অ্যাটলেটিকো মিনেইরোর মধ্যে উত্তেজনায় ঠাসা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বোটাফোগো। ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে প্রথমবার এই টুর্নামেটে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিটও পেয়ে গেছে দলটি।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে হয় মহাদেশীয় ক্লাব ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচটি। ম্যাচের ৩০ সেকেন্ডে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বোটাফোগো। শেষপর্যন্ত তারাই ৩-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের টিকিট কেটেছে।
প্রথমবার লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন হওয়ার পথে বোটাফোগোর গোলগুলো করেছেন লুইজ হেনরিক, অ্যালেক্স টেলেস এবং জুনিয়র সান্তোস। অন্যদিকে, মিনেইরোর পক্ষে এদুয়ার্দো ভার্গাস একমাত্র গোলটি করে ব্যবধান কমান।
২০২৫ সালে প্রথমবার ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। কোপা লিবার্তোদোরেস জিতে যুক্তরাষ্ট্রে হতে চলা বৈশ্বিক প্রতিযোগিতায় শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিলীয় ক্লাবটি।








