ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে প্রায়ই বিতর্ক ওঠে। সেটি এড়াতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ সচেতন। এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচের আগেই র্যাফেল ড্র’র মাধ্যমে ফাইনাল ম্যাচের ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে অভিভাবক সংস্থা। ফেডারেশন কাপের ফাইনাল হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে লিগ ম্যানেজমেন্ট কমিটির সভা হয়। বাফুফে সহ-সভাপতি জাকির হোসেন জানান, আগামী ১৯মে ফেডারেশন কাপের ফাইনাল হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। বিতর্ক এড়াতে দলগুলো ফাইনালে ওঠার আগে ড্র’য়ের মাধ্যমে স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে।
তার আগে কোয়ালিফায়ার টু দ্য ফাইনালের প্রথম খেলা হবে ৫ মে, কিংস অ্যারেনায়। একইদিনে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গড়াবে এলিমিনেটর ম্যাচ। ১২ মে কুমিল্লাতেই হবে কোয়ালিফায়ার টু দ্য ফাইনালের দ্বিতীয় ম্যাচ।
২০২৬-২৭ ঘরোয়া মৌসুমের সূচি নিয়েও আলোচনা হয়েছে সভায়। জুনের ১ তারিখ থেকে খেলোয়াড়দের দলবদল শুরু হবে। স্বাধীনতা কাপ করার পরিকল্পনা রয়েছে বাফুফের। সেটা হলেও জানানো হবে, না হলেও জানিয়ে দেয়া হবে। বিসিএলের দলগুলো স্বাধীনতা কাপে খেলার সুযোগ পাবে।





