বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও নতুন পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করার সিদ্ধান্তের প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেই সঙ্গে বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ কার্যক্রম চালাতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী।
বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।
আদালতে ফারুক আহমেদের রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। বিসিবি ও আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল ও নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিটটি শুনানি শেষে গতকাল (আউট অফ লিস্ট) কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
গয় ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে। এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন ফারুক আহমেদ। যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাচজনকে সে রিটে বিবাদী করা হয়।








