ছাত্র আন্দোলনের সমর্থনে সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শুরু থেকেই ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে নিয়মিত সামাজিকমাধ্যমে কথা বলেছেন এই নির্মাতা। হাসিনা সরকার পতনের পরেও রাজনীতিসহ নানা বিষয়ে সরব ফারুকী।
বর্তমানে ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরে সম্পৃক্ততা নিয়ে হচ্ছে নানান কথা। যা নিয়েও নিজের পর্যবেক্ষণের কথা বললেন ফারুকী।
ছাত্র আন্দোলন ঘিরে জামায়াত-শিবিরের বিভিন্ন কার্যক্রম প্রকাশ্যে আসছে। আন্দোলনে নিজেদের পরিচয় গোপন রেখে দলটির নেতাকর্মীদের কেমন ভূমিকা ছিল সেসব নিয়ে কথা হচ্ছে। যা নিয়ে সামাজিকমাধ্যমে নতুন করে হচ্ছে আলোচনা ও সমালোচনা। সেই আলোচনায় যোগ দিয়েছেন ফারুকী।
এক ফেসবুক পোস্টে এই নির্মাতা লেখেন, ছাত্র-জনতার আন্দোলনে জামায়াত ছিল না এই কথাটা কে বলেছে কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামায়াত, বাম দলসহ দল-মত-নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না।
যোগ করে ফারুকী লেখেন, যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে, তখনো প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে, এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কি না। জিও পলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে।
ফারুকীর ভাষায়, নুরুল হক নুরুদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখল এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে। সর্বশেষ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই নির্মাতা লেখেন, ‘আওয়ামী লীগের উচিত হবে ভাবা, কেন সবাই তাদের পতন চেয়েছে। ক্লিয়ার?’








