শরীয়তপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে তেল না পেয়ে একটি ফিলিং স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং প্রত্যেককে ১০ লিটার করে জ্বালানি তেল দেওয়া হয়।
শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে শহরের মনোহর মোড়ে অবস্থিত একটি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা প্রায় দুই ঘণ্টা স্টেশন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জানা যায়, গত দুই দিন ধরে জেলায় জ্বালানি তেলের সরবরাহ ধারাবাহিকভাবে না থাকায় সব ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্টে সংকট দেখা দিয়েছে। এতে কৃষক, পরিবহন চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। জেলার বিভিন্ন এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কোথাও তেলের গাড়ি আসার খবর পেলেই বাস, ট্রাক, মোটরসাইকেল ও কৃষকরা তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন, ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
এদিকে অনেক কৃষকের অভিযোগ, তারা প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না। কোথাও কম দেওয়া হচ্ছে, আবার কোথাও একেবারেই তেল মিলছে না। এতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
তারা দ্রুত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন।








