জনপদ

জীবনসংগ্রাম জয় করে মঞ্চ থেকে সাংবাদিকতায় ফরিদ আহমেদ রিপন

জীবনসংগ্রাম জয় করে মঞ্চ থেকে সাংবাদিকতায় ফরিদ আহমেদ রিপন

ছোটবেলায় থিয়েটারের আলোঝলমলে মঞ্চে পা রেখে যে শিশুটির চোখে ভেসে উঠত স্বপ্নের পৃথিবী, সেই স্বপ্ন সহজে ধরা দেয়নি। জীবনসংগ্রামের নানামুখী আলো-আঁধারি পেরিয়ে কেটে গেছে চার দশকেরও বেশি সময়। চরম পারিবারিক প্রতিকূলতা ও স্বজন হারানোর বেদনা বুকে চেপে একসময় যাকে সামলাতে হয়েছিল বিশাল সংসারের হাল, সেই কঠিন পথ অতিক্রম করে তিনি আজ বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ—ফরিদ আহমেদ রিপন।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ফরিদ আহমেদ রিপন সময়ের পরিক্রমায় গণমাধ্যম, সংস্কৃতি ও সমাজসেবায় অবদান রেখে চলেছেন। একাধারে তিনি প্রবীণ নাট্যাভিনেতা, সাংস্কৃতিক সংগঠক ও পেশাদার সাংবাদিক।

আশির দশকের শুরুতে তিন বোনের অকালমৃত্যু এবং ১৯৮৩ সালে প্রখ্যাত শিক্ষাবিদ বাবা মো. কলিম উল্যাহ মিয়াজীর প্রয়াণে মাত্র ২৪ বছর বয়সে সাত ছোট ভাইয়ের দায়িত্ব এসে পড়ে তার ওপর। ১৯৯৪ সালে গর্ভধারিণী মাকেও হারান তিনি। জীবনসংগ্রামের কঠিন সময়ে একদিকে ভাইদের মানুষ করা, অন্যদিকে নিজের পরিবার সামলানোর পাশাপাশি শিল্পচর্চায় নিজেকে নিবেদিত রাখেন তিনি।

চট্টগ্রামের সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা রিপনের নাট্যাঙ্গনে যাত্রা শুরু সত্তরের দশকের শেষভাগে। মাত্র সাত বছর বয়সে স্থানীয় মঞ্চনাটকে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম নাটকেই সাবলীল বাচিক ভঙ্গি ও অভিনয় নৈপুণ্যে নজর কাড়েন সবার। পরবর্তীতে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে নিয়মিত অভিনয় ও আবৃত্তিতে অংশ নিয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেন।

আশী ও নব্বইয়ের দশকে থিয়েটার ও মঞ্চনাটকে নিয়মিত অভিনয়ে যুক্ত ছিলেন রিপন। শিশু সংগঠন কচি কাঁচার মেলার দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ইসলামী সাংস্কৃতিক আয়োজনেও ভূমিকা রাখেন। থিয়েটারের মঞ্চে হাস্যরসাত্মক থেকে শুরু করে গভীর ও বাস্তবমুখী চরিত্র রূপায়ণে তিনি কুড়িয়েছেন দর্শকের প্রশংসা। নব্বইয়ের মাঝামাঝি সময়ে তিনি পুরোদমে সাংবাদিকতায় যুক্ত হন। দৈনিক দেশকথামালা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছাড়াও একাধিক জাতীয় দৈনিকে দায়িত্বশীল পদে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

শিল্প, বিনোদন ও পেশাগত পরিচয়ের বাইরে সমাজসেবা এবং বৈষম্যহীন অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চায় তিনি ভূমিকা রেখেছেন। চার দশকের চড়াই-উতরাই পেরিয়ে আসা প্রবীণ এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ নাট্যাভিনেতা বর্তমানে জটিল দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধ চালাচ্ছেন। গুণী এই শিল্পীর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।

বিষয়:নাট্যাভিনেতাফরিদ আহমেদ রিপনমঞ্চ থেকে সাংবাদিকতাসাংস্কৃতিক আবহ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…