বাংলাদেশ বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তান ওপেনার ফখর জামান। হ্যামস্ট্রিং চোটের কারণে তাকে পাচ্ছে না দলটি। দলীয় সুত্রে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।
টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান ফখর। মেডিকেল পরীক্ষায় এই বাঁহাতি ব্যাটারের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। পূর্ণ ফিটনেস ফিরে পেতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন ফখর।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান। ১০ মার্চ অনুশীলন সেশন শেষে ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচ গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
গত বছরের জুলাইয়ের পর এটিই হবে পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। সবশেষ সফরে টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের মে-জুনে ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০তে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।







